অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করে যেতে চায় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজারের ইনানীর একটি হোটেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষার পরিবর্তে লঙ্ঘন করা হতো। আইনেও ছিল সীমাবদ্ধতা। বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”
আলোচনায় অংশ নিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ ১৫ বছরের গুম, খুন ও ‘আয়না ঘর’ থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, রাষ্ট্রপতির ক্ষমতাবলে অধ্যাদেশ প্রণীত হলে, এই সরকারের আমলেই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।
কর্মশালায় আরও জানানো হয়, প্রস্তাবিত অধ্যাদেশে কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের বিরুদ্ধেও স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি গুম ও খুন প্রতিরোধে আলাদা আইন প্রণয়নের বিষয়টিও ড্রাফটে অন্তর্ভুক্ত করা হয়েছে।


