28.4 C
Dhaka
Thursday, June 18, 2026

জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলনের ঘোষণা চরমোনাই পীরের

advertisment
- Advertisement -spot_img

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে উৎখাতের জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটি অংশ মাত্র। কিন্তু সংবিধান ও রাজনৈতিক সংস্কার সম্পন্ন না করে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, যা দেশকে আবারও পুরোনো অশুভ চক্রে ফেলবে।

চরমোনাই পীর বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলো এখনো শোকে ভেঙে আছে, আহতদের ক্ষত শুকায়নি, অন্ধ হয়ে যাওয়া তরুণরা এখনো কষ্টে দিন কাটাচ্ছে। অথচ ফ্যাসিবাদে জড়িতদের বিচার কার্যক্রমে কোনো গতি নেই। ফ্যাসিবাদের দোসররা আবার রাজনীতিতে নামার ঘোষণা দিচ্ছে। এতে করে জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হতে দেবে না। জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে যে সাহসিকতা ও ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলাম, সেই প্রতিজ্ঞায় আবারও মাঠে অবস্থান নেবে ইসলামী আন্দোলন।

এসময় তিনি ৩ দফা দাবি তুলে ধরেন—

১. জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করা।
২. দ্রুত ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করা ও দোসরদের রাজনীতিতে পুনর্বাসন রোধ করা।
৩. পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

তিনি জানান, এ দাবিগুলো সামনে রেখে আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কর্মসূচি ঘোষণা করবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ