আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আপনারা জানেন পূজা একেবারেই সামনে চলে এসেছে। পূজার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কে কোন ধর্মের অনুসারী, তা বিবেচ্য নয়—পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীরা যেন ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন, এজন্য সবার সাহায্য ও সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “পূজায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য যা করণীয় তা করা হবে। সবাই যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পূজা করতে পারেন, সে ব্যবস্থা আমরা করব। এর পবিত্রতা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”
এ সময় উপদেষ্টা জানান, অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। তিনি আহ্বান জানান, নিজেদের মতপার্থক্য মিটিয়ে কীভাবে সুন্দরভাবে পূজা উদযাপন করা যায় সে উদ্যোগ নিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপিত হবে।


