30.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হতে হবে: ডিএমপি কমিশনার

advertisment
- Advertisement -spot_img

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, “আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব।”

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিএমপিকে আধুনিকায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন কার্যক্রম চালু করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছিনতাইয়ের হটস্পটগুলো চিহ্নিত করে টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সহায়তাকারী ও অর্থায়নকারীদেরও আইনের আওতায় আনার তাগিদ দেন।

এ ছাড়া সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আগস্ট ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন। এতে ডাকাতি, দস্যুতা, চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলার তথ্য তুলে ধরা হয়।

সভা শেষে আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করেন কমিশনার সাজ্জাত আলী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ