34.1 C
Dhaka
Saturday, June 13, 2026

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায় : আহমেদ আযম খান

advertisment
- Advertisement -spot_img

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এখন যারা পিআর (প্রতিনিধিত্বের অনুপাতে নির্বাচন) নিয়ে আন্দোলন করছে বা আগামী ফেব্রুয়ারির নির্বাচন ভণ্ডুল করতে চাইছে, তারা দেশের অশুভ শক্তি। এরা অগণতান্ত্রিক শক্তি, যারা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। এদের ব্যাপারে পুরো জাতিকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কি না—এই প্রশ্নটি কেন রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা আমি বুঝতে পারি না। আমি মনে করি, এই মুহূর্তে নির্বাচন খুবই জরুরি। যখন ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কেউ জাতীয় নির্বাচনে পিআরের কথা বলেনি। শুধু আপার হাউসের কয়েকটি দল এ দাবি তুলেছিল। বিএনপি বলেছিল, এ বিষয়ে জাতি এখনও প্রস্তুত নয়, এজন্য সময় লাগবে। তবে এখন এই বিষয় নিয়ে ভাবার সময় নয়।”

তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্র সামনে এগোতে পারবে না, অর্থনীতির চাকা সচল হবে না, দেশ উন্নতির পথে যেতে পারবে না। তাই যারা পিআরের ধোঁয়া তুলছে বা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা সঠিক পথে নেই। দেশের স্বার্থে তাদের নির্বাচনের মাঠে আসতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান ও আজিজুল ইসলাম বিজয় প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ