পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরতে নির্মিত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এ জাদুঘর উদ্বোধন করা হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানায় জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।
তিনি বলেন, “১৬ বছরের ফ্যাসিজম ও দুঃশাসনের ইতিহাস জীবন্ত রাখতেই এই জাদুঘর নির্মাণ করা হচ্ছে।”
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “এ জাদুঘরে আসা মানুষ ৫ আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবে। মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা জাগানোটাই হবে এর বড় কাজ।”
জাদুঘরে থাকবে গুম-খুনের অডিও প্রমাণ, বিভিন্ন নৃশংস ঘটনার দলিলপত্র ও একটি স্ক্রিনিং সেন্টার, যেখানে জুলাই আন্দোলন ও দুঃশাসনের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হবে।
বৈঠকে উপদেষ্টা আদিলুর রহমান খান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


