আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালু হবে কি না—সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “এ বিষয়ে সরকারের কম কথা বলাই ভালো।”
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন-এর জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রকাশিত জরিপে উঠে এসেছে, দেশের ৫৬% মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেই না। পিআর চায় ২১.৮%, আর চান না ২২.২%। জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা।
এছাড়া জরিপ অনুযায়ী, ৬৯.৯% নাগরিক মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো তুলনামূলকভাবে এ সক্ষমতার বিষয়ে কম ইতিবাচক মনোভাব পোষণ করেছে।


