ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনায় চার প্রভাবশালী দেশ—কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে মত প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে থেকেছি, তাদের জনগণকে সমর্থন করে আসছি। কাজেই চার দেশের স্বীকৃতি অবশ্যই সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এখনো ফিলিস্তিনি জনগণের অনেক পথ অতিক্রম করতে হবে।”
তৌহিদ হোসেন আরও জানান, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।


