বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কলকাতাভিত্তিক দৈনিক এই সময়-এ প্রকাশিত সাক্ষাৎকারে ফখরুল যে মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে, তা “অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ”।
তিনি বলেন, একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এমন বক্তব্য বিশ্বাস করা কঠিন। “এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এটি তার হয়ে থাকে, তবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
জামায়াত নেতা আরও বলেন, বিএনপি মহাসচিব যদি সত্যিই এমন অভিযোগ করে থাকেন, তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে জামায়াত কার কাছে আসন দাবি করেছে। “প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে,” উল্লেখ করেন তিনি।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, জামায়াত নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। তিনি ফখরুলের ব্যবহৃত ভাষাকে তাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে এর বিচার জনগণের ওপর ছেড়ে দেন।
এছাড়া, ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিবের প্রতি।
এদিকে, এই সময়-এ প্রকাশিত সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উল্লেখ করেন, সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন যে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। যদিও সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভুল ও বিভ্রান্তিকর।


