হাসিনা-তাপসের ফোনালাপ
হাসিনা-তাপসের ফোনালাপজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তবে তিনি যা পোড়াতে বলেছিলেন, তা না করে সেতু ভবনে আগুন দেওয়া হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বরাত দিয়ে তিনি এ দাবি করেন।
এদিন জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
জবানবন্দিতে তিনি জানান, শেখ হাসিনার কথোপকথনের ৬৯টি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের কল রেকর্ড জব্দ করা হয়েছে।
ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা নিজেই আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে। ওরা পুড়িয়ে দিল সেতু ভবন।”
তিনি আরও বলেন, এর মানে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই, তবে তাঁর উদ্দেশ্য অনুযায়ী নয়—অন্য স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।
এ সময় শেখ হাসিনা ও তাপসের ফোনালাপ ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে দুটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের একটি ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয়।


