28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

রাজনৈতিক দলগুলো শিগগিরই ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে।

তিনি বলেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই এসব সংস্কারের মূল লক্ষ্য।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাত দিয়ে জানান, আলোচনায় দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান ড. ইউনূস। জবাবে শেহবাজ শরিফ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণেই এ ধরনের দুর্যোগ ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।

ড. ইউনূস বৈঠকে আরও জানান, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বৃহৎ রাজনৈতিক সংস্কারগুলো দেশে অর্থবহ রূপান্তরের পথ সুগম করবে। বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার চূড়ান্ত ধাপ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সার্ক কার্যত অকার্যকর হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ নিয়েও দুই নেতা আলোচনা করেন। বৈঠকে শেহবাজ শরিফ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ