27.3 C
Dhaka
Tuesday, June 16, 2026

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম

advertisment
- Advertisement -spot_img

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফারুক-ই আজম।

বুধবার (১ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় কচিকাঁচা গোষ্ঠী দুর্গা মন্দির ও রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, বহুকাল ধরে বাঙালিরা ধর্মমত নির্বিশেষে দুর্গোৎসব উদযাপন করে আসছে। সনাতনীদের জন্য এটি দুর্গাপূজা হলেও সমাজের জন্য এটি দুর্গোৎসব। তাই রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণ সবাই মিলে এই আয়োজনকে নির্বিঘ্ন করতে একযোগে কাজ করছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক সাগর মিত্রের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুও বক্তব্য দেন। তিনি বলেন, আমরা বাঙালি এক সংবেদনশীল জাতি। যুগ যুগ ধরে সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রেখে আসছি। সেই ধারাবাহিকতায় দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, আর পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা ফারুক-ই আজম হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির অনন্য ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন— ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি দীপক কুমার পালিত, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) পাঠান মো. সাইফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ