বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, বিএনপি যদি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে, তাহলে দেশের প্রতিটি স্কুলের কারিকুলামে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের বিশ্বাস, শিক্ষা ও খেলাধুলা একসাথে কাজ করলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এটিই হবে আমাদের আগামীর অঙ্গীকার ও প্রত্যাশা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাবিথ আওয়াল বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলের মানোন্নয়নে কাজ করছে এবং তৃণমূল পর্যায়েও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছোট ছোট টুর্নামেন্টগুলোতে এখন স্পন্সর পাওয়া যাচ্ছে, যা ইতিবাচক দিক। এসব স্থানীয় দলকে কেন্দ্র করে কেন্দ্রীয় টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বাছাই করা হবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জ থেকেই জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে।
তৃণমূল পর্যায়ের কোচ ও সংগঠকদের প্রসঙ্গে তিনি বলেন, শুধু খেলোয়াড় নয়—কোচ, সংগঠক কিংবা স্থানীয় রাজনৈতিক নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া ও ভবিষ্যতের খেলোয়াড় তৈরির উপযুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দেবিনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা ফুটবল দল ও শাহজাহানপুরের শুভ ফুটবল ক্লাব। ১-০ গোলে জয়লাভ করে দেবিনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা। পুরো টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।


