28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে ধরা পড়বে : রিজভী

advertisment
- Advertisement -spot_img

রাজনীতি ডেস্ক |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত, তাই নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছেন, তারা জনগণের কাছেই ধরা পড়বেন।

শনিবার (৪ অক্টোবর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)

রিজভী বলেন, “গত ১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ভোটে তালা ঝুলিয়ে রেখেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন। দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদের কেন্দ্রে যেতে র‍্যাব, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন কমিশন এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। এ সরকার নিরপেক্ষ থাকবে, কোনো পক্ষ নেবে না। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থি দলের সমর্থক কর্মকর্তাদের বসানো হয়েছে—এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।”

রিজভী অভিযোগ করেন, “শেখ হাসিনার দল নিয়ন্ত্রিত প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশন ব্যবহার করে দেশে একদলীয় ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। তবে জনগণ নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চায় না।”

জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে একদলীয় দুঃশাসন থেকে মুক্ত করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে তারেক রহমান জাতিকে নতুনভাবে অনুপ্রাণিত করেছেন।”

আন্তর্জাতিক চক্রান্তের অভিযোগ এনে রিজভী বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদের পতাকা উঁচু রাখবে—এটাই বারবার প্রমাণিত হয়েছে।”

সাম্প্রতিক দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। হিন্দু-মুসলমান সবাই মিলে মণ্ডপ পাহারা দিয়েছে, এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য।”

ভারতে ড. ইউনূসের মুখাবয়ব ব্যবহার করে ‘অসুরের’ মূর্তি তৈরির সমালোচনা করে রিজভী বলেন, “এটি নিম্নরুচির পরিচয় ও অপসংস্কৃতির প্রকাশ। ভারত শিল্প-সংস্কৃতির দেশ—তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।”

তিনি আরও বলেন, “মোদি সাহেব যদি ভারতে মধ্যযুগীয় অন্ধকার নামিয়ে আনেন, আমরা বাংলাদেশের মানুষ তা মেনে নেব না। আমাদের দেশে বিভাজন তৈরি করা যাবে না। তারেক রহমান স্পষ্ট বলেছেন—আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকব।”

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “১৯৯১ সালে শেখ হাসিনা বলেছিলেন, বিএনপি ১০টির বেশি আসন পাবে না। কিন্তু জনগণ জানে কারা বিগত ১৬ বছর আপসহীনভাবে লড়াই করেছে। ধানের শীষ জনগণের প্রিয় প্রতীক—এটিকে মিথ্যা প্রচারণা দিয়ে দুর্বল করা যাবে না।”

এ সময় সংগঠনের সভাপতি শাহরিন ইসলাম তুহিনসহ অ্যাবের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ