জাতীয় নির্বাচন জাতীয়ভাবেই করতে হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা শুধু ইসির একার পক্ষে সম্ভব নয়। এর জন্য গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই একটি ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই। ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভোটার তালিকা হালনাগাদ করার সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে, যার ফলে বিপুল সংখ্যক নারী নিবন্ধন করেছেন।”
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, “পোস্টাল ব্যালট ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে রেজিস্ট্রেশন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এটি একটি সংকর পদ্ধতি, যা ডিজিটাল ও পোস্টাল ব্যালটের সমন্বয়ে তৈরি।”
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, “যত চেষ্টাই আমরা করি না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ। গণমাধ্যম জনমত গঠন ও সবার জন্য সমান সুযোগ তৈরিতে সহায়তা করে।”
তিনি বলেন, “আমরা একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই। এজন্য ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন, যাতে তারা ভোটকেন্দ্রে এসে ভোট দেন।”
ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে চার নির্বাচন কমিশনার ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


