বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর হার বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)’–এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে আমাদের একটি বড় ভিসা কার্যক্রম রয়েছে। এটি গত বছরের জুলাই ও আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল, বর্তমানে সেই স্তরে নেই। তবে এখনো বাংলাদেশে ভিসা ইস্যুর সংখ্যা বিশ্বের যেকোনো স্থানে আমাদের অন্যতম বৃহৎ কার্যক্রমগুলোর মধ্যে একটি।”
তিনি আরও বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি সামনের দিকে তাকানো, পেছনে নয়। তবে এটা সত্য যে ৫ আগস্টের ঘটনা ঘিরে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছিল। এর ফলে ভিসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় জনবল পুনর্বিন্যাস করতে হয়। এখন আমাদের ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আগামী দিনগুলোতেও এই কার্যক্রম আরও বাড়বে।”
উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারত সফরে রয়েছে।


