জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি এ আহ্বান জানান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “আমি আপনাদের বলতে চাই, আসন্ন নির্বাচনে আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে—নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার। কেউ যেন সেই নির্বাচনী প্রক্রিয়াকে অন্যদিকে নিতে না পারে, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়।
শিক্ষকদের দাবিগুলো বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ—আপনারা শিক্ষার্থীদের এমনভাবে মানুষ করে তুলুন, যাতে তারা সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।”


