বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এই সহায়তা বিতরণ করা হবে
বুধবার (৮ অক্টোবর) সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় (এমএএফআরএ) গত ১ অক্টোবর গুনসান বন্দরে ২০ হাজার টন চালবাহী জাহাজের বন্দর ত্যাগ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক, জাতিসংঘের ডব্লিউএফপির উপ-আঞ্চলিক পরিচালকসহ দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দক্ষিণ কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান।


