সংবাদ প্রতিবেদন:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এ বিষয়ে একমত হয়েছেন।
সভায় উপস্থিত এক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান,
“এইচএসসি পরীক্ষার ফল ১৬ অক্টোবর প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেদিনই একযোগে সব বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে।”
এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়।
এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে বলে জানা গেছে।


