আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের ওপর নির্মিতব্য একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে সিলেট সফর করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার সকালে সিলেটে পৌঁছে দুপুর থেকে তিনি সিলেটের তামাবিল সীমান্ত এলাকায় অবস্থান করেন এবং শুটিংয়ে অংশ নেন। ২০১৫ সালে এই সীমান্ত দিয়েই তাকে গুম করে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে ৬১ দিন নিখোঁজ ছিলেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, “তামাবিল সীমান্তের কোনো একটি অংশ দিয়ে চোখ বেঁধে আমাকে শিলংয়ে ফেলে যায় তারা। তখন আমি মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ছিলাম।”
অন্যদেশে অনুপ্রবেশের অভিযোগে বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় নয় বছর পর দেশে ফেরেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পরই তার দেশে ফেরা সম্ভব হয় বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
এদিকে সালাহউদ্দিন আহমেদকে সিলেটে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। নির্বাচনের সময়ে তার আকস্মিক এই সফর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। তবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর, দলীয় কোনো কর্মসূচি নয় বলে জানিয়েছেন বিএনপি নেতারা।


