28.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার প্রবণতা জনগণ মেনে নেবে না: আখতার হোসেন

advertisment
- Advertisement -spot_img

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নেওয়ার প্রবণতা জনগণ কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (১১ অক্টোবর) জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে নিজের নির্বাচনি এলাকা কাউনিয়া যাওয়ার পথে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “গণআন্দোলনের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের কার্যক্রম দেখে মনে হচ্ছে, তারা যেনতেনভাবে দায়িত্ব হস্তান্তর করতে পারলে বাঁচেন। তাদের এভাবে ক্ষমতা হস্তান্তরের মানসিকতা, দায়মুক্তির প্রবণতা এবং সেফ এক্সিট নেওয়ার চিন্তা দেশের জনগণ কখনও মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর জনগণ আশা-আকাঙ্ক্ষা নিয়ে উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও তার উপদেষ্টাদের দায়িত্ব পুরোপুরি পালন করতে হবে— ফাঁকিবাজি বা দায়সারা মনোভাব নয়। গণঅভ্যুত্থানের যে স্পিরিট, তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নেই।”

জোট গঠনের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, “জনগণের স্বার্থে ও জাতীয় স্বার্থে যদি জোট করার প্রয়োজন হয়, সেটি আমরা বিবেচনায় রেখেছি এবং বিষয়টি এখনো ওপেন রেখেছি।”

আখতার হোসেন আরও বলেন, “আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অবশ্যই যোগ দেবো। তবে সরকার ইতোমধ্যে একটি দলের সঙ্গে আলোচনা করেছে— তারা যেন কোনোভাবেই পক্ষপাতিত্ব না করে, সেই আহ্বান জানাই। জুলাই সনদের মাধ্যমে অনেক দাবি অর্জিত হয়েছে, যদিও সব না; তবুও এটাকে আমরা বড় অর্জন বলে মনে করি।”

নির্বাচনে এনসিপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “অতি অল্প সময়ে আমরা সারাদেশে সাংগঠনিক কাঠামো গঠন করতে সক্ষম হয়েছি। নিবন্ধনের সব শর্ত পূরণের পর এনসিপি এখন নিবন্ধন পাওয়ার দ্বারপ্রান্তে। এটিও আমাদের বড় অর্জন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ