জুলাই জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যই এই অনিশ্চয়তার মূল কারণ বলে জানা গেছে।
এ প্রেক্ষাপটে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
সর্বমোট ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যা আগামী শুক্রবার স্বাক্ষরের কথা রয়েছে। মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলেও, এখনো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। কমিশনের পক্ষ থেকে আলাদা সুপারিশ দেওয়ার কথা থাকলেও সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।
গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমত হলেও, ভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক দল সনদে স্বাক্ষরের আগে বাস্তবায়নের সুস্পষ্ট ব্যাখ্যা চায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার রাতে কমিশনের সঙ্গে বৈঠকে জানিয়েছে, তারা ‘সংবিধান আদেশ’ জারি ছাড়া সনদে সই করবে না। দলটির দাবি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দেওয়া হয়েছিল, এবার আর সে সুযোগ নেই। এনসিপি সংবিধান সংস্কার নিয়ে নতুন আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আজ রাতে দলের বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির এক নীতিনির্ধারক জানিয়েছেন, সনদের কপি হাতে পেয়েছেন, গরমিল থাকলে তা জানানো হবে। তিনি অভিযোগ করেন, সনদকে ঘিরে ‘বিভিন্ন পক্ষের অপতৎপরতা’ চলছে।
বামপন্থী কয়েকটি দলও সনদে স্বাক্ষর না করার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল, যা কমিশন গ্রহণ করেনি।
গত ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা শেষ হয়। এরপর ৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দল ও বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করে কমিশন। সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে সাধারণ সম্মতি এলেও, ভোটের সময়, ভিত্তি ও প্রশ্নপত্র নিয়ে এখনও বিভেদ রয়ে গেছে—বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির অবস্থানে স্পষ্ট পার্থক্য রয়েছে।
ঐকমত্য কমিশনের সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার বৈঠকেই দলগুলো সনদে সই করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রয়োজনে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও নতুন আলোচনা হতে পারে। বৈঠকটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথম আলোকে বলেন, “কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।”


