সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত পড়ে থাকতে দেখা যায়।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষিণ প্লাজায় অবস্থান করা জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। একইসঙ্গে এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় একজন যোদ্ধার শরীরে লাগানো কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জ সহ্য করতে না পেরে সেই অবস্থানকারী হাত রেখেই পালিয়ে যান।
এর আগে, তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই আহতরা। তারা সেখানে থেকে তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ করেই তারা সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন।
এসময় পুলিশ ও এপিবিএন সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জুলাইয়ে পা ও হাত হারানো বেশ কয়েকজনকেও দেখা যায়।
লাঠিচার্জে আহত জুলাই যোদ্ধারা কিছুদূর সরে গিয়েই আবার পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পাল্টা হিসেবে পুলিশ বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। ফলে জুলাই আন্দোলনে আহতরা ছত্রভঙ্গ হয়ে সংসদ ভবনের চারদিকে ছোটাছুটি করতে থাকেন।
তাদের একটি অংশ জুলাই সনদ অনুষ্ঠানের জন্য নির্মিত রাস্তার একটি বুথে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। দুপুর ২টার দিকে আসাদগেটের দিকে জুলাই যোদ্ধাদের এবং মোড়ে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়।


