রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, সরকার পরিচালনার ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হতেই পারে, শেখ হাসিনাও করেছেন। তবে তিনি নিরাপরাধ—তাই খালাস প্রাপ্য।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১টার দিকে বিচারপতি গোলাম মর্তূজা মাজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সঠিক নয়। আমার অভিমত—সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি। যেহেতু অভিযোগ প্রমাণিত হয়নি, তাই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করছি।”
শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল
এর আগে রাষ্ট্রপক্ষ টানা পাঁচ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে। সেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আবেদন জানায় প্রসিকিউশন। একই সঙ্গে আহত ও নিহত জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণ হিসেবে আসামিদের সম্পত্তি বিক্রির দাবিও জানানো হয়।
এ ছাড়া আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল পরে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রসিকিউশন।


