28.6 C
Dhaka
Monday, June 15, 2026

২৩ নভেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

আগামী ২৩ নভেম্বর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ তারিখকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন দলীয় ঘনিষ্ঠ সূত্র।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,

“আপনারা খুব শিগগিরই জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি, নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।”

ফিরোজায় থাকার পরিকল্পনা

দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর গুলশানের ৭৯ নম্বর ও ১৯৬ নম্বর—এই দুই বাড়ি মিলিয়ে অবস্থান করবেন। ফিরোজায় বর্তমানে রয়েছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৬ নম্বর বাড়িটি সম্প্রতি নামজারি সম্পন্ন হয়েছে এবং সেখানে সংস্কারকাজ চলছে।

নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

তারেক রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে। ঘনিষ্ঠ সূত্র জানায়, তার নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি বুলেটপ্রুফ এসইউভি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন,

“তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী শক্তির প্রতীক। এই প্রতীককে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।”

প্রার্থী মনোনয়ন ও জোট আলোচনা

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার আগেই ৩শ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে। এর মধ্যে চলতি মাসেই প্রায় ২০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একইসঙ্গে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদের দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে আসন সমঝোতা ও জোট আলোচনাও এগিয়ে নিচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন,

“এই মাসের মধ্যেই প্রায় ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীর সবুজ সংকেত দেওয়া হবে। জোটের বিষয়ে সবার সঙ্গে আলোচনা চলছে; শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা রাজনীতির মাঠেই নির্ধারিত হবে।”

প্রস্তুত দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণ

দলীয় ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুর কাজ চলছে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) স্ট্যাটাসে বসবাস করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,

“বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক তারেক রহমানকে শেষ করতে দেশি-বিদেশি অনেক পক্ষ ষড়যন্ত্র করেছে। কিন্তু সেই তিনিই আজ দেশের নেতা হিসেবে ফিরছেন। জনগণ দিন গুনছে তাঁকে বরণ করার জন্য।”

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান,

“তারেক রহমান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে। দেশের যেকোনো আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ