বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “গ্রামে গ্রামে যারা এতদিন ভোট দিতে পারেননি, তারা জানেন কীভাবে রাতের অন্ধকারে ভোট হয়েছে—খালেদা জিয়াকে বন্দি রেখে, আমাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে, জেলে দিয়ে সেই ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। এগুলো ভোট নয়, এটি দখলদারিত্ব। দেশে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে একটি নির্বাচন হলে ধানের শীষই বিজয়ী হবে, ইনশাআল্লাহ। কারণ ধানের শীষই পারে আপনাদের পাশে থাকতে, আপনাদের উন্নয়নে ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিতে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরে বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার, নতুন চ্যালেঞ্জ। বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্টরা সক্রিয় ছিল, তারা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। কেউ না কেউ দূর থেকে এসব চালিয়ে যাচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মে জড়িত, যা সমাজের জন্য এক মহা ব্যাধি। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন—দুই দিক থেকেই উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেবেন আপনারা। মা–বোন, ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা একত্র করেছি। আমাদের সজাগ, সতর্ক ও প্রতিবাদী হতে হবে। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, এমএ হাসেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।


