রাজধানীর বংশাল আগামাসি লেন এলাকায় বাসায় ডেকে নিয়ে জিআই তার গলায় পেঁচিয়ে সজীব (১৯) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে সজীবের মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সজীবের মা নূর নাহার বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে সজীবের একই এলাকার খাদিজা নামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে মেয়ে তাকে নানা ভাবে দূরে সরিয়ে দিতে থাকে। আজ খাদিজা তার মামার বাসায় ডেকে নিয়ে সজীবের গলায় ও হাতে জিআই তার পেঁচিয়ে পিটিয়ে হত্যা করেছে। তারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার চাই।”
সজীবের বাবা তাজ উদ্দিন বলেন, “বিকেল সাড়ে ৫টার দিকে বংশাল থানার এসআই দুলাল আমাকে ফোন করে জানান, আপনার ছেলে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে এসে দেখি আমার ছেলে মারা গেছে। তার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খাদিজা আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।”
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার ফোন বন্ধ পাওয়া যায়।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলাল হোসেন ঘটনাস্থলে যান। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কিছু—সবদিক বিবেচনা করে তদন্ত চলছে। নিহত যুবক এসএসসির পর পড়াশোনা বন্ধ করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। মরদেহ তার নিজের বাসায় নয়, অন্য বাসায় পাওয়া গেছে। প্রেম-সংক্রান্ত কোনো ঘটনা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি।


