জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “২৭০ দিন আলোচনা-পরামর্শের পরও রাজনৈতিক দলগুলোর অবস্থানে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা হতাশাজনক।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, “এই তীব্র মতবিরোধের মধ্যে সমঝোতার দলিল পাস করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল যদি মনে করে সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, সেটা গ্রহণযোগ্য নয়।”
আসিফ নজরুল বলেন, “এত দীর্ঘ আলোচনা সত্ত্বেও কেন ঐকমত্য তৈরি হলো না—এটা আমাদের ভাবাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এখন যে অনৈক্য দেখা যাচ্ছে, তা তাদেরই বিবেচনার বিষয়।”
তিনি আরও জানান, কমিশনের সুপারিশ সরকার পেয়েছে এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের স্বাধীনতা রয়েছে। “এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা,” বলেন তিনি।


