29.1 C
Dhaka
Sunday, June 14, 2026

যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকায় গণভোট করা সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোট আয়োজনের অর্থ নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, বিএনপির একজন প্রার্থীর অভিযোগিত চাঁদাবাজির টাকায়ই একটি গণভোট আয়োজন করা সম্ভব।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
‘বিএনপি বলছে গণভোটে নাকি অনেক টাকা লাগবে। ৫ আগস্টের পর তাদের এক প্রার্থীর যে চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে, সেই টাকা দিয়েই একটি গণভোট করা সম্ভব। আর ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে, সেট দিয়েও গণভোটের আয়োজন সম্ভব।’

তিনি আরও দাবি করেন, বিএনপি ও জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ সমঝোতার আলোচনা চলছে।
‘শোনা যাচ্ছে, বিএনপি নোট অব ডিসেন্ট থেকে সরে আসবে এবং জামায়াত নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে’— বলেন তিনি।

এনসিপি নেতা আরও বলেন,
‘আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো, তাহলে তাদের মাথা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, তবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।’

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন,
‘আপনি শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ঘোষণা করুন। এতে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ