নোবেল বিজয়ী ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আসন্ন নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগোচ্ছি। প্রাথমিকভাবে প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ঘোষিত প্রার্থী তালিকার সঙ্গে আমরা সমন্বয় করব।”
তিনি আরও জানান, দিনাজপুর-৩ আসন থেকে এবার নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


