প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, “শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে তিনি ক্ষমতায় আসবেন—এমনটা বোঝায়। আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে এখন সব রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে।”
শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রেসসচিব আরও বলেন, “জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টামণ্ডলী নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।”
তিনি বলেন, “মানুষ সুশাসন চায়, তবে সেটি এক দিনে বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার নিয়ে বিভিন্ন দেশে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। নেপালে এমন সংস্কার করতে ৯ বছর লেগেছে। নির্বাচনের পর আমাদের দেশেও সংলাপের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া চালু থাকবে।”
শফিকুল আলম আরও বলেন, “অনেকে দাবি করছেন যে জুলাই সনদে নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই। কিন্তু রাজনৈতিক দলগুলো কি সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করে না? সনদে সব বিষয়ই অন্তর্ভুক্ত রয়েছে।”
তিনি ভবিষ্যৎ সরকারের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখানে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এটি মোকাবিলায় বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।”


