27.7 C
Dhaka
Saturday, June 13, 2026

ডিসেম্বরে দেশের মাটিতে ফিরছেন তারেক রহমান: ফজলে এলাহী আকবর

advertisment
- Advertisement -spot_img

চব্বিশের ছাত্র আন্দোলনের পর একাধিকবার দেশে ফেরার ইঙ্গিত দিলেও এবার সময় চূড়ান্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ প্রবাস জীবনের পর ঢাকায় ফিরে গুলশানে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসাটিতে চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ—বাইরে নতুন রং করা হয়েছে, আর নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর ঘিরে দেওয়া হয়েছে কাঁটাতারের বেষ্টনি।

এছাড়া, দেশে ফেরার পর যেখানে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন—সেই কার্যালয়েও চলছে জোর প্রস্তুতি। গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট সময় জানতে চাইলে ফজলে এলাহী আকবর বলেন, “ডিসেম্বরের প্রথম সপ্তাহে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই তিনি দেশে ফিরছেন। ১৭ বছর পর বেগম খালেদা জিয়ার বড় ছেলে বাংলাদেশের মাটিতে পা রাখবেন।”

ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের সহযোগিতা আশা করছি।”

দেশে ফেরার আগে চলতি মাসে তারেক রহমানের ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান ফজলে এলাহী। তিনি বলেন, “নির্বাচনের পরই তিনি ওমরাহ পালন করবেন।”

গত মাসেই বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগির অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান ফজলে এলাহী আকবর।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ডিসেম্বরে তিনি ১৭ বছর পর স্বদেশের মাটিতে ফিরে আসছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ