29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

রাজনীতিতে যা–ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর

advertisment
- Advertisement -spot_img

আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রসিকিউটর তামিম বলেন, ‘রাজনীতিতে যা–ই হোক না কেন, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণায় কোনো উদ্বেগ নেই। তবে ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না; ওই দিন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।’

জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণের জন্য আগামী ১৩ নভেম্বর দিন রেখেছে ট্রাইব্যুনাল।

এদিকে, জুলাই–আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

ট্রাইব্যুনাল–১–এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হয়। আজ সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহাসহ তিনজন সাক্ষী।

এর আগে, ২ নভেম্বর ১৩তম দিনে সিআইডির দুই ফরেনসিক বিশেষজ্ঞ—পুলিশ পরিদর্শক রোকনুজ্জামান ও উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স—সাক্ষ্য দেন। তারা মামলার উদ্ধার করা আলামতের যাচাই-বাছাইয়ের বিস্তারিত বর্ণনা দেন। পরে পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেপ্তারদের পক্ষে আইনজীবীরা তাদের জেরা করেন।

এ পর্যন্ত এ মামলায় মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে মামলার আট আসামির মধ্যে গ্রেপ্তার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ