29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

ফেনী-১ খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জোবায়ের

advertisment
- Advertisement -spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটি ও প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

উল্লেখযোগ্য বিষয় হলো—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী–১ আসনের প্রার্থী হিসেবে রয়েছেন। এর আগে এই আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হলেও এনসিপি এবার জোবায়েরকে মনোনয়ন ফরম দিয়েছে।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে এহসানুল মাহবুব জোবায়ের ইত্তেফাক ডিজিটালকে বলেন,
‘আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রি চলবে। আমি ফেনী–১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

বিএনপি চেয়ারপারসনের আসন থেকে মনোনয়ন নেওয়া প্রসঙ্গে তিনি বলেন,
‘বেগম খালেদা জিয়াকে ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়া–৭ আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন,
‘ফেনীতেও নতুন নেতৃত্ব দরকার। তরুণদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। আমি ফেনীর সন্তান, এখানেই থেকে মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।’

এনসিপি নেতা জোবায়ের জানান, আগামী ১৫ নভেম্বর (শনিবার) ১০০–১৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি। এরপর নভেম্বরে আরও দুই ধাপে বাকি সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ২০১৪ সালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করেন।

তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জবি প্রতিনিধি, জবি সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জবি রোভার স্কাউট গ্রুপের প্রচার সম্পাদক এবং জবি লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা এবং জাতীয় ও আন্তর্জাতিক নানা সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত।

পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩–২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউস ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

এহসানুল মাহবুব জোবায়েরের বাবা আমিনুল ইসলাম এবং মা রাশেদা আকতার—দুজনেই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর থেকে এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ