কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার যখন পতন হয়, তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ। মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। কিন্তু এখন তারা পেটের বিষে পরিণত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “আমি আওয়ামী লীগ করি না, শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি জয় বাংলা বলি। সরকার বাহাদুররা শুনে রাখুন— জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথমে গ্রেপ্তার করুন। আমি যেখানে দাঁড়াবো, সেখানেই বলবো— আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি জীবন দিতে চাই।”
তিনি আরও বলেন, “আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না।”
কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনাকে মানুষ সামান্য বিরক্ত হয়ে তাড়ায়নি, মানুষ সম্পূর্ণভাবে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষমতা এই আট-দশটা বাচ্চার ছিল না, বিএনপি-জামায়াতও পারে নাই, অন্তর্ঘাত করেও পারে নাই। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে, আমি বিশ্বাস করি— তা আল্লাহর তরফ থেকেই হয়েছে। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন, তার ফলেই আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছেন।”
তিনি আরও বলেন, “১৫-১৬ বছরে শেখ হাসিনা যে অত্যাচার, জুলুম করেছে, ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন জায়গা থেকে নৌকা মার্কার লোকেরা যে পরিমাণ চাঁদা তুলেছে, তার চার থেকে দশগুণ এখন অন্য দলগুলো করছে।”
সম্মেলনে বহেড়াতৈল কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু, সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব এবং কালিহাতী উপজেলা সাধারণ সম্পাদক ইতহার সিদ্দিকী প্রমুখ।


