আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। সম্প্রতি নগরে একের পর এক গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি এই নির্দেশ দেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশে দেওয়া এক মৌখিক আদেশে কমিশনার টহল ও থানা পুলিশকে একযোগে এ নির্দেশনা দেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই নির্দেশনা নিরস্ত্র সাধারণ জনগণের জন্য নয়, বরং শুধুমাত্র অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য প্রযোজ্য।
গত ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলীর খন্দকারপাড়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। এতে এরশাদ উল্লাহ নিজেও গুলিবিদ্ধ হন।
জুলাই গণ–অভ্যুত্থানের পর চট্টগ্রামে ধারাবাহিকভাবে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অক্সিজেন–হাটহাজারীর পশ্চিম কুয়াইশে মো. মাসুদ ও মো. আনিছ হত্যা, চান্দগাঁওয়ে ইট-বালুর ব্যবসায়ী তাহসীন হত্যা, রাউজানে যুবদলকর্মী ইব্রাহিম হত্যা, বাকলিয়ায় প্রাইভেট কারে গুলি করে দুজনকে হত্যা এবং পতেঙ্গা সৈকতে ঢাকাইয়া আকবরকে গুলি করার মতো ঘটনাগুলোর কোনোটি এখনো উদ্ঘাটিত হয়নি।
গত ৭ অক্টোবর মদুনাঘাটে বিএনপি কর্মী হাকীম চৌধুরী ও ২৫ অক্টোবর রাউজানে যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, পাহাড়ি এলাকা থেকে অস্ত্রধারীরা নগরে নেমে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনার হাসিব আজিজ বলেন,
“শটগান হবে না, চায়না রাইফেলও বাদ। এখন এসএমজি ব্রাশফায়ার মোডে থাকবে। যার হাতে অস্ত্র নেই, তার ওপর কখনো এসএমজি ইউজ করা হবে না। কিন্তু যে অস্ত্রধারী সন্ত্রাসী, তাদের ক্ষেত্রে বিন্দুমাত্র দেরি করা হবে না।”
তিনি আরও বলেন,
“আমার এলাকায় ঢুকে প্রকাশ্য দিবালোকে খুন করে গেল—এটা বরদাশত করা হবে না। যারা এ ধরনের অপরাধ ঘটায়, তারা যেন স্বপ্নেও চট্টগ্রামে ঢোকার কথা না ভাবতে পারে, সেই ব্যবস্থা নিয়েছি।”
বার্তায় পুলিশ সদস্যদের দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ ধারার আত্মরক্ষার অধিকার স্মরণ করিয়ে দিয়ে কমিশনার বলেন, এই নির্দেশের সকল দায় তিনি নিজে বহন করবেন।
নিরাপত্তা জোরদারে নগরে টহল টিমগুলোর হাতে এসএমজি, শিশা শটগান, গ্যাস গান ও নাইন এমএম পিস্তল বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী চেকপোস্টের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশও দিয়েছেন সিএমপি কমিশনার।


