তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুসলমানদের মৌলিক দাবি সংবিধানে প্রতিফলিত না হলে সেই সংবিধান তারা মানবেন না।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, দেড় হাজার বছর আগে আল্লাহ নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। তাঁর বিশ্বাস অনুযায়ী, এই আকিদা ছাড়া কেউ মুসলমান হতে পারে না।
তিনি অভিযোগ করে বলেন, দেশের প্রচলিত রাজনীতির নেতারা সেক্যুলারিজমের কথা বলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চান না। রাষ্ট্র কি শুধু অমুসলিমদের স্বার্থ দেখার জন্যই—এমন প্রশ্নও তোলেন তিনি।
আব্বাসী দাবি করেন, দেশের প্রকৃত মালিক মুসলমানরা, যাদের ট্যাক্স ও ভ্যাটের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। তাই তাদের মৌলিক দাবি যদি সংবিধানে স্থান না পায়, তাহলে সেই সংবিধান বা সনদ মানার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, খতমে নবুওয়তের জিহাদই সবচেয়ে বড় জিহাদ এবং এ আন্দোলনই সবচেয়ে বড় আন্দোলন।


