রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা রাসুল (সা.)-এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে আয়োজিত এই মহাসম্মেলনে মানুষের শৃঙ্খলা ও অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। তিনি জানান, মুসলমান হিসেবে রাসুল (সা.)-এর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভালোবাসাই ঈমানের ভিত্তি।
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের কথা স্মরণ করেন। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ অপসারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ চাইলে এটিকে পুনর্বহাল করা হবে।
তিনি আরও বলেন, রাসুল (সা.) শেষ নবী—এ বিশ্বাস থেকেই মুসলমানদের পরিচয়। “আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি। রাসুল (সা.) বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না। কেউ নবুয়ত দাবি করলে তিনি ইসলামের ঘোষণায় অন্তর্ভুক্ত নন,”—বলেন তিনি।
বিশ্বজুড়ে মুসলিমদের বিভক্তি এবং প্যালেস্টাইন ও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার কথাও বলেন।
তিনি আরও আশ্বাস দেন, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে খতমে নবুওয়ত ও সংশ্লিষ্ট দাবিগুলো সংসদে আলোচনা করে আইনগতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা যোগ দেন। বক্তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান।


