অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। বৈঠক শেষে তিনি বলেন, “আনসারদের ব্যবহৃত অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে।”
তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ‘৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা’ আর কেনা হচ্ছে না। বরং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সীমিত আকারে এসব ক্যামেরা দেওয়া হবে। এ বিষয়ে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা আরও বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় ‘এক কোটি ই-পাসপোর্ট বই’ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি টিকার সংকট বিবেচনায় ‘ইপিআই টিকা’ কেনার সিদ্ধান্ত হয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে মূল্য স্থিতিশীল রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে।


