34 C
Dhaka
Sunday, June 14, 2026

নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগিয়ে যেতে পারবে না: ধর্ম উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেছেন, নারীদের পিছনে রেখে পুরুষ সমাজ কখনোই সামনে এগোতে পারবে না। তিনি বলেন, ভেদাভেদ নয়—একতা, সম্মান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সমাজ উন্নত হতে পারে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি; যেখানে ভেদাভেদ থাকবে না। আমাদের একে অপরের হাত ধরে সামনে এগোতে হবে। আমি যদি অন্যকে সম্মান না করি, তার কাছ থেকেও সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুঁড়ি, পাটকেল খাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে।”

মতপার্থক্য থাকলেও জাতীয় ঐক্যের প্রশ্নে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, যুগে যুগে ছিল; কিন্তু কালেমা তাইয়েবার ভিত্তিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।”

জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, “এই সরকার জাতির জন্য হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হারালে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।”

ইসলামের ইতিহাসে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “রাসুল (সা.) হজরত আয়েশা, হজরত খাদিজা ও অন্যান্য সাহাবিয়াতদের নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমাদের মা-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

তিনি আরও বলেন, “আমরা যদি আমাদের মা-বোন ও কন্যাদের কোরআনের আলোতে শিক্ষিত করতে পারি—হাফেজা, আলেমা, মুহাদ্দিসা বা স্কলার হিসেবে গড়ে তুলতে পারি—তাহলে তারা সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ