তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ আরও প্রশস্ত হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি, যিনি এ মামলার অন্যতম আপিলকারীও।
বদিউল আলম মজুমদার বলেন, “তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যে রায় দিয়েছিলেন, তার মাধ্যমে দেশের নির্বাচনব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এর ফলে গত তিনটি নির্বাচন বিতর্কিত হয়েছে। আজকের রায়ের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ আবারও উন্মুক্ত হলো।”
তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রামের পর আদালত রিভিউ পিটিশন গ্রহণ করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে এনেছেন।
ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর থেকেই এ বিষয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন বলে জানান তিনি। তাঁর মতে, সেই রায় ছিল অসাংবিধানিক। পরবর্তী পঞ্চদশ সংশোধনী নিয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন।
এদিকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজনকারী ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায়টিকে সম্পূর্ণভাবে বাতিল করেছে আপিল বিভাগ। রিভিউ শুনানি শেষে বৃহস্পতিবার দেয়া রায়ে আদালত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত বিধানাবলি পুনরুজ্জীবিত ঘোষণা করেন। রায়ে বলা হয়, এই বিধানগুলো ভবিষ্যতে প্রয়োগ-যোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে।


