রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে মাকে প্লট বরাদ্দ করে দেওয়ার অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের আদালতে এটাই প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে তিনি সকাল সাড়ে ১১টার দিকে রায় পাঠ শুরু করেন।
এই মামলায় টিউলিপের মা শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং শেখ হাসিনাসহ অন্যান্য ১৫ আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
দুদকের পক্ষে আদালতে ছিলেন প্রসিকিউটর তরিকুল ইসলাম ও মাঈনুল। খুরশীদ আলমের পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন শাহীনুর রহমানসহ অন্যরা।
অভিযোগপত্র অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ পেতে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩১ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।
এর আগে গত ২৭ নভেম্বর প্লট দুর্নীতির আরও তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই দিন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পৃথক এক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।


