পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধুমাত্র এসএসএফের নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে; পরিবারের অন্য সদস্যদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে—পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা করা হবে এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে।
তিনি আরও জানান, পাঁচ সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন অধ্যাদেশ পাস হয়েছে। পুলিশকে আরও জনবান্ধব করতে এ কমিশন সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে এবং পেশাগত দায়িত্ব পালনে পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলোও খতিয়ে দেখবে।
উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্যই প্রযোজ্য, পরিবারের অন্য সদস্যদের জন্য নয়।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের শীর্ষ নেতারা। ইতোমধ্যে তাকে বিদেশে—লন্ডনে—নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এরই মধ্যে বেগম জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর এভারকেয়ার হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন।
এর আগে ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা প্রদান শুরু করে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাইরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।


