অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক—এটি চায় না বিএনপি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দলটি ঘোষিত সময়েই নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও রাজনৈতিক সংকটের সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। ১৫ বছর ধরে আমরা নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই এবং আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক।’
তিনি বলেন, এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ব্যালটে ভোট দিতে সময় বেশি লাগবে। এজন্য যেন কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, তারা আগামী রোববার (৭ ডিসেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ব্যালট পেপার ছাপানো নিয়ে গুঞ্জনের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা শুনেছিলাম প্রাইভেট প্রেসে ব্যালট ছাপানো হতে পারে। এজন্য বলেছি, ব্যালট পেপার যাতে কোনোভাবেই প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন জানিয়েছে, সরকারি প্রেসেই ছাপানো হবে।’
প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, পাসপোর্ট বিবেচনায় নিয়ে আরও বেশি প্রবাসীকে ভোটার করার দাবি জানিয়েছে বিএনপি।
বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।


