নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘খুব শিগগিরই’ দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজকে বাংলাদেশের সব কর্মী এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন— আমি আপনাদের জানাতে চাই, খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন।”
তিনি আরও বলেন,
“আমাদের নেতা যেদিন দেশে ফিরবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে— এ প্রস্তুতি আপনাদের নিতে হবে। সেই দিন আমরা গোটা দেশের চেহারা বদলে দিতে চাই।”
মহাসচিব জানান, সামনে থাকা নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করাই এখন প্রধান সংগ্রাম।
তার ভাষায়, “এই নির্বাচনে আমাদের শতভাগ বিজয় অর্জন করতে হবে। বাধা আসবে, অপপ্রচার হবে— কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কখনও পরাজিত হয়নি, হবেও না।”
৭১-এর চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“১৯৭১ সাল আমাদের অস্তিত্ব। আজ দেখলাম কেউ নাকি বলেছে— ’৭১-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এমন কথা বলতে পারে? এটি চরম ঔদ্ধত্য।”
তিনি আরও অভিযোগ করেন,
“অন্ধকার থেকে আবারও নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কি না— সে আশঙ্কা রয়েছে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করারও চেষ্টা চলছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।”
কর্মশালায় সভ্যভাবে আলোচনার পাশাপাশি এসব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“শুধু নোট নিলেই হবে না। জনগণকে জানাতে হবে— আমরা কী করতে চাই। তবেই তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে।”
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।


