ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে, এতে তাদের ভোটের অধিকার বাস্তবায়ন হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচন দেশের রাজনীতির ইতিহাসে একটি বড় ঘটনা। আমরা আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট আয়োজন করবে। এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে।”
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন টেলিভিশন ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।
তফসিল অনুযায়ী প্রধান তারিখগুলো:
- মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৯ ডিসেম্বর
- যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
- আপিলের সময়: ১১ জানুয়ারি পর্যন্ত
- আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
- প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
- প্রচারণা শুরু: ২২ জানুয়ারি
- প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট
সিইসি বলেন, এবারের নির্বাচন বিভিন্ন কারণে জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ও অনন্য। এটি প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা, কাঙ্ক্ষিত সংস্কার এবং রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ সুযোগ। জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে হওয়া দেশবাসীর জন্য নতুন অভিজ্ঞতা বলেও তিনি উল্লেখ করেন।


