ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আগাম প্রস্তুতি শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা। প্রার্থী ও সমর্থকেরা ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ওইদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোট প্রদানের সময় আগের তুলনায় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।
সিইসি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের।
উল্লেখ্য, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নির্বাচন ব্যবস্থায় একটি নতুন অভিজ্ঞতা যোগ করবে।


