আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা জনগণকে আশ্বস্ত করেছে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে বিজয় নিশ্চিত করতে জামায়াতসহ আট দল ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে তফসিল ঘোষণার পরপরই দলটির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিক্রিয়া জানান।
নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ—লেভেল প্লেয়িং ফিল্ড—নিশ্চিত করা এখন ইসির অন্যতম প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা না গেলে নির্বাচন অর্থবহ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অতীতের অভিজ্ঞতা উল্লেখ করে জুবায়ের বলেন, “নির্বাচনের আগে আশ্বাস দেওয়া হলেও অনেক সময় নির্বাচন সুষ্ঠু হয়নি। আশা করি আগামী নির্বাচনে এর পরিবর্তন দেখা যাবে।”
উল্লেখ্য, সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ।


