ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আটকে থাকা গুলি অপসারণে জরুরি অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “হাদির মাথার ভেতরে গুলি রয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। গুলি বের করার জন্য সার্জারি চলছে।”
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন হাদি। দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়।
জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, প্রচারণার সময় মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
ইনকিলাব মঞ্চের সদস্যরা জানান, শুক্রবারে তারা সাধারণত ঢাকা-৮ আসনের বিভিন্ন মসজিদে প্রচারণা চালান। আজও হাদি মসজিদের তালিকা তৈরি করে দলের সদস্যদের ভাগ করে দেন। সদস্য সারোয়ার বলেন, “তিনি নিজে আলাদা একটি মসজিদে যাওয়ার কথা বলেন এবং সেখানে কাউকে যেতে নিষেধ করেন।”
অন্য সদস্য ইসরাফিল বলেন, “হাদি রিকশায় যাচ্ছিলেন। তখনই মোটরসাইকেলে আসা দুইজন এসে গুলি ছুড়ে দ্রুত সরে যায়।” তিনি আরও জানান, “এখন বিস্তারিত কিছু বলার মতো অবস্থা নেই। তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাইছি।”


