ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেখানেই তারা লুকিয়ে থাকুক না কেন, দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত গুরুতর।”
তিনি আরও বলেন, “ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে ডিএমপি সাঁড়াশি অভিযান শুরু করেছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”


